শরণার্থীদের আশ্রয় দেয়াকে সমর্থন করায় জার্মানির কোলন শহরে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক নারী মেয়রপ্রার্থী। শুক্রবার তার ওপর আক্রমণ হয় বলে নিশ্চিত করেছে জার্মান পুলিশ।
পুলিশ জানায়, শনিবার ৫৮ বছর বয়সী হেনরিয়েত রেকার উপর হামলা চালানো হয়। তিনি ঘাড়ে আঘাত পেয়েছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী রেকা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের দল সিডিইউ পার্টি সমর্থিত। পুলিশ ৪৪ বছর বয়সী হামলাকারীকে গ্রেফতার করেছে। সে জার্মান নাগরিক এবং কোলন শহরে বাসিন্দা। পুলিশের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা বলেন, হামলাকারী আমাদের বলেছে, নিজের বিদেশি বিরোধী মনোভাবের কারণে সে এই হামলা চালিয়েছে। হামলাকারী একাই এ হামলার সঙ্গে জড়িত এবং তার কোন পুলিশ রেকর্ড নেই বলেও জানান ওই কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক কর্মকর্তা রাল্ফ জাগা বলেন, প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা। হামলাকারীর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল এবং তার কোনো স্বাস্থ্যগত সমস্যা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীকে ধরে ফেলার চেষ্টা করার সময় আরো একজন নারী গুরুতর আহত এবং তিন ব্যক্তি সামান্য আঘাত পেয়েছে। এ ঘটনার পরও যথা সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন নগর কর্মকর্তারা।
২০১০ সাল থেকে কোলন নগরের সোস্যাল অ্যাফেয়ার ও ইন্টিগ্রেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন রেকে। নিজ দেশে বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয়ায় জার্মান নাগরিকদের একাংশ মার্কেলের উপর ক্ষুব্ধ। বিবিসি।