বিদেশি সতর্কতার পেছনে চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

 
নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের নতুন করে সতর্কতা জারির পেছনে চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
 
আসাদুজ্জামান খান কামাল বলেন, এটি একটি চক্রান্ত। আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, এগুলি কেন হচ্ছে এবং কারা কারা জড়িত।
 
তিনি বলেন, দেশ ও সরকার- দুটোর বিরুদ্ধেই চক্রান্ত চলছে। দেশ যখন নিম্ন মধ্যম আয় থেকে মধ্যম আয়ের দিকে যাচ্ছে, পদ্মা সেতু নিজেরা করছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তখন এই চক্রান্ত করা হচ্ছে।
 
গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন হন। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে। শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের নাগরিকদের নতুন করে সতর্ক করে।