বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে।’
লন্ডন সফরে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্গাপূজা উপলক্ষে রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান।
খালেদা জিয়া দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাদের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।
খালেদা বলেন, ‘দুর্গাপূজা বাংলাদেশসহ উপমহাদেশের অন্যান্য বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্র্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব। এ উত্সব সাড়ম্বরে পালিত হয় বাংলাদেশেও।’
তিনি বলেন, ‘যেকোনো ধর্মীয় উত্সবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে এবং ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে—হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।’
খালেদা জিয়া বলেন, ‘বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের বড় পরিচয়।’