চলে গেলেন মিশরের খ্যাতিমান সাহিত্যিক গিতানি

 
মিশরের খ্যাতিমান লেখক ও সাংবাদিক গামাল আল- গিতানি রবিবার কায়রোর একটি হাসপাতালে মারা গেছেন। সেখানে তিন মাসেরও বেশি সময় ধরে কোমায় ছিলেন তিনি। ৭০ বছর বয়সী গিতানি দীর্ঘদিন ধরে শ্বাসজনিত জটিলতায় ভুগছিলেন।
 
গিতানির স্ত্রী মাজদা আল গেনদি সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় সাইয়েদিয়া নাফিসা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গিতানি ২০১১ সালে হোসনি মোবারকের পতনের পর সামরিক শাসককে সমর্থন দেন। গিতানি আরব বিশ্বে একমাত্র নোবেল বিজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজের অন্তরঙ্গ বন্ধু ছিলেন।
 
জায়নি বারাকাতসহ গিতানির লেখা বেশ কয়েকটি বই ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চসহ বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। নিজের লেখনীতে ইসলামপন্থীদের সমালোচনা করেছেন তিনি। লেখালেখি শুরু করার আগে কার্পেটের নকশা তৈরির কাজ করতেন গিতানি।
 
২০১৫ সালে তিনি ‘নাইল অ্যাওয়ার্ড’ পান। এটি মিশর সরকার প্রদত্ত সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার। এছাড়াও ১৯৮৭ সালে শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যে ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদকে ভূষিত করে। সূত্র: এএফপি