ডেমরায় পিস্তলসহ আটক ২

 
রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ১ বিদেশি পিস্তল ১ ম্যাগাজিন এবং ২ তামার প্রাচীন মুদ্রাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৪-এর সদস্যরা। রবিবার সকালে র্যাব-৪-এর আশুলিয়ার নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
 
আটকরা হলেন—পিরোজপুরের কাউখালী থানার উজিয়াল খান গ্রামের মেহেদী হাসান সেলিম এবং ভাণ্ডারিয়া থানার রাজাপাশা গ্রামের বাসু দেব সিংহ।
 
র্যাব জানায়—ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন সারালিয়া এলাকার একটি ভাড়া বাসায় সন্ত্রাসীদের উপস্থিতি জানতে পেরে অভিযান চালায় র্যাব-৪। এ সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহূত একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও দুইটি প্রাচীন মুদ্রা, আটটি মোবাইল ফোনসেট এবং ১০টি সিমসহ দুজনকে আটক করা হয়।
 
র্যাব-৪-এর নবীনগর ক্যাম্প শাখার উপপরিচালক মাসুদুর রহমান জানান—আটকরা রাজধানী এবং এর আশপাশের এলাকায় বিভিন্ন সময় ছিনতাই, প্রতারণা ও অবৈধভাবে প্রাচীন মুদ্রার ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক তদন্ত শেষে তাদের রবিবার সকালে ডেমরা থানায় সোপর্দ করা হয়েছে।