মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাফাই সাক্ষ্য নেয়ার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে পাকিস্তান ও বাংলাদেশের ৭ জন বিশিষ্ট নাগরিকের নাম উল্লেখ করে তাদের সাক্ষ্য নেয়ার জন্য আবেদন করা হয়।
আজ সোমবার সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন সালাউদ্দিন কাদের চৌধুরী আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান।
যাদের সাক্ষ্য নেয়ার কথা বলা হয়েছে তারা হলেন- পাকিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মো. মিয়া সুমরো, সাবেক রেলমন্ত্রী ইসহাক খান খাওয়ামী, ডন গ্রুপের চেয়ারম্যান আম্বার হারুন সায়গল, মুলিব আরজুমান খান, ফিজির সাবেক মার্কিন রাষ্ট্রদূত উসমান সিদ্দিক এবং বাংলাদেশের হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, জিন্নাত আরা বেগম।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, এসব বিশিষ্ট নাগরিকরা বিচার চলাকালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিনের পক্ষে সাফাই সাক্ষী দিতে চেয়েছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল মঞ্জুর না করায় তারা সাক্ষী দিতে পারেন নি।
সম্প্রতি আলজাজিরা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে পাকিস্তানের পাঁচজনের নাম উল্লেখ করে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন পাকিস্তানে ছিলেন।
হুজ্জাতুল ইসলাম আরো বলেন, এই জন্য আমরা তাদের সাক্ষ্য নেয়ার জন্য আবেদন করেছি।