কলম্বিয়ার রাজধানী বোগোটার জনাকীর্ণ এলাকার একটি বেকারিতে রোববার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে. আহত হয়েছে আরো ছয়জন।
দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এঙ্গাটিভা এলাকায় ভোরবেলা বিচক্রাফট ৬০ নামের বিমানটি বিধ্বস্ত হয়। এলাকাটি এল ডোরাডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুব একটা দূরে নয়। নিকটস্থ একটি বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় বিমানটির পাইলট ও সকল যাত্রী মারা গেছেন। বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় আহত ছয় জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দমকল কর্মীরা এলাকাটি বন্ধ করে দিয়েছে। সম্ভাব্য নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। এবিসি নিউজ ও বাসস।