পায়ে দেবীর উল্কি: ব্যাঙ্গালুরুতে হয়রানির শিকার বিদেশি

 
পায়ে হিন্দু ধর্মের দেবীর উল্কি আঁকানো থাকায় ভারতের ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার দুই নাগরিকের ওপর হামলা হয়েছে। শুধু তাই নয় এর পর তাদের পুলিশি হয়রানিরও শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
 
হয়রানির শিকার দুজনের অভিযোগ, থানা থেকে ছাড়া পাওয়ার আগে উল্টো হামলাকারীদের কাছেই ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাদের। শুধু তাই নয়, 'ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য' তাদেরকে ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিতে বাধ্য করা হয়।
 
২১ বছরের ম্যাট কেইথ ফেসবুকে লিখেছেন, 'থানা থেকে ছাড়া পেতে আমাদের হামলাকারীদের কাছেই ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল... বিষয়টা মারাত্মকরকম ভীতিকর, কারণ হয়রানি, হুমকি ও গণরোষের শিকার হওয়া এখানে স্বাভাবিক ব্যাপার। আমি হিন্দুধর্মকে সম্পূর্ণ সম্মান করি। এ কারণেই ৩৫ ঘণ্টা সময় ব্যয় করে আমার পিঠে গণেশের উল্কি করিয়েছি আর চার ঘণ্টা লেগেছে ওই দেবীর উল্কি করতে। এর জন্য আমার গার্লফ্রেন্ডকে যৌন হয়রানির শিকার হতে পারে না।'
 
বিদেশি নাগরিককে হয়রানির ঘটনার কথা স্বীকার করেছেন সন্দীপ পাতিল নামের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এর সাথে স্থানীয় পুলিশের জড়িত থাকার কথাও স্বীকার করেন তিনি। সূত্র: এনডিটিভি