পশ্চিম ইউরোপে যাওয়ার জন্য শীত ও আর্দ্র আবহাওয়ার মধ্যেই বলকান দেশগুলোর সীমান্তে হাজার হাজার শরণার্থী অপেক্ষমাণ রয়েছেন। সীমান্ত পার হওয়ার সুযোগ সীমিত করে দেয়ায় বিরূপ আবহাওয়ার মধ্যে খোলা যায়গায় থাকতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়েছে, শিশুসহ বেশ কয়েকশ মানুষ ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার অভিযোগ, ওই এলাকায় জরুরী জিনিসপত্রের সংকট রয়েছে। তারা আরো জানায়, ১০ হাজারের বেশি মানুষ সার্বিয়াতে আটকে রয়েছেন। ক্রোয়েশিয়া তার সীমান্ত বন্ধ করে দেয়ায় মারাত্মক দুর্ভোগের মুখে রয়েছেন তারা।
সংস্থাটির মুখপাত্র মেলিতা সানজিক সেখান থেকে রয়টার্সকে জানিয়েছেন, 'খাবার ও কম্বলের অভাব দেখা দিয়েছে। এখানে কোনকিছুই ঠিকমতো চলছে না।' সার্বিয়ার বেরকাসভো সীমান্ত থেকে লন্ডনভিত্তিক সহায়তা সংস্থার একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছেন, সেখানে লোকজন ক্ষুব্ধ হয়ে উঠছেন। প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে মানুষ। জরুরি চিকিৎসা সামগ্রী ও রেইনকোটের অভাব রয়েছে সেখানে।
এর আগে ক্রোয়েশিয়া স্লোভেনিয়াকে প্রতিদিন ৫ হাজার শরণার্থী নেয়ার অনুরোধ জানালেও দেশটি দৈনিক আড়াই হাজার শরণার্থী নিতে পারবে বলে জানায়। অস্ট্রিয়া ও জার্মানি যতদিন তাদের সীমান্ত শরণার্থীদের জন্য খোলা রাখবে ততদিন শরণার্থীদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে বলেও জানায় স্লোভেনিয়া।