বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ২ ব্যক্তির লাশ উদ্ধার


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরের দিকে মীরেরবাগ খেয়াঘাট ও ট্রলারঘাট থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সামছুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতদের বয়স আনুমানিক ১৮ বছর ও ২৫ বছর হবে।

তিনি জানান, লাশ দুটিতে পচন ধরায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। তবে কয়েকদিন আগে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হতে পারে।

ময়না তদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।