ফুকুশিমার কর্মীদের ক্যান্সার হতে পারে: জাপান

 
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পর যেসব কর্মী সেখানে কাজ করেছিলেন ভবিষ্যতে তারা ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বলে স্বীকার করেছে জাপান সরকার। ২০১১ সালে সেখানে কাজ করেছিলেন এমন একজন লিউকেমিয়া আক্রান্ত কর্মীকে ক্ষতিপূরণ দেয়ার কথা জানিয়ে এমনটাই জানালো দেশটির সরকার।
 
২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্পের পর সুনামির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। লিউকেমিয়ায় আক্রান্ত ব্যক্তিটি দুর্ঘটনার পর প্রায় এক বছর সেখানে কাজ করেছিলেন। ওই এক বছরে ১৯ দশমিক ৮ মিলিসিভার্ট তেজস্ক্রিয়তার শিকার হয়েছিলেন তিনি। ওই পরিমাণ তেজস্ক্রিয়তা পারমাণবিক স্থাপনায় কাজ করা একজন কর্মীর গ্রহণযোগ্য তেজস্ক্রিয়তার মাত্রার চেয়ে চারগুণ বেশি।
 
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জাপানের কিয়োডো সংবাদসংস্থাকে জানান, তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসার সাথে তার ক্যান্সারের সরাসরি কোন সংযোগের কথা এখনো স্পষ্ট নয়। তবুও কর্মক্ষেত্রে সুরক্ষার অংশ হিসেবে ওই ব্যক্তির চিকিৎসার সমস্ত খরচ ও অসুস্থ্য থাকাকালীন সময় তার আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে পাবেন।
 
ফুকুশিমায় কাজ করেছেন এমন আরো তিনজন কর্মীর দেহে ক্যান্সার ধরা পড়েছে। তবে তাদের ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি জাপান সরকার। সূত্র: বিবিসি