ডলারে লেনদেনে নিয়ন্ত্রণ আরোপ করছে মিয়ানমার

 
দেশের অভ্যন্তরে মার্কিন ডলারে আর্থিক লেনদেন করার ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে মিয়ানমার সরকার। বেসরকারি বিভিন্ন ফার্ম লেনদেনে মার্কিন ডলার ব্যবহার করায় সমস্যার মুখে পড়েছে দেশটির নিজস্ব মুদ্রা কিয়াট।
 
মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রায় লেনদেন করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে দেয়া লাইসেন্স বাতিল করতে শুরু করেছে। হোটেল, রেস্টুরেন্ট, গলফ ক্লাব, হাসপাতালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদেশি মুদ্রায় লেনদেন করতে লাইসেন্স দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অব মিয়ানমার।
 
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মুদ্রার চেয়ে মার্কিন ডলারে বিনিময় করায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এর ফলে মুদ্রা দুটির মধ্যে বিনিময় মূল্য অস্থিতিশীল হয়ে পড়ছিল। দেশটির পর্যটন খাতে ব্যাপকভাবে মার্কিন ডলার ব্যবহার করা হয়।
 
২০১১ সালে সামরিক শাসনের অবসানের পর অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটে দেশটি। স্থানীয় মুদ্রা কিয়াটের ভাসমান মূল্য নির্ধারণ করা হয়েছিল তখন।
 
শুধু মাত্র এবছরই মার্কিন ডলারের বিপরীতে কিয়াটের মূল্য ২০ শতাংশ পড়ে গেছে। সূত্র: বিবিসি