সালমান খান অভিনীত 'বজরঙ্গি ভাইজান' ছবিটি এবার সাইন ল্যাঙ্গুয়েজ ভাষায় তৈরি হবে। মূক ও বধীররা যাতে এই ছবিটি উপভোগ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
সাইন ল্যাঙ্গোয়েজ ইন্টারপ্রেটার জ্ঞানেন্দ্র পুরোহিত পিটিআইকে জানিয়েছেন, তিনি সম্প্রতি করাচিতে থাকা গীতার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গীতাই তাকে ‘বজরঙ্গি ভাইজান’কে সাইন ল্যাঙ্গুয়েজে ডাবিং করার কথা বলে জোর করেন। গীতা জানান, ছবিটি ডাবিং হলে তার মতো বহু মানুষ এই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
এরপরই সিদ্ধান্ত হয়েছে সিনেমাটি ডাবিং করা হবে। আর সালমান খান ও গীতার উপস্থিতিতেই এটি করা হবে।
জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর গীতার দেশে ফেরার কথা। দেশে ফিরে তিনি সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে ‘শোলে’ (১৯৭৫), ‘গান্ধী’ (১৯৮২), ‘মুন্নাভাই এমবিবিএস’ (২০০৩) ও ‘তারে জমিন পার’ (২০০৭) এর মতো সিনেমা সাইন ল্যাঙ্গুয়েজে ডাবিং করা হয়েছে। খবর: ওয়ান ইন্ডিয়া।