দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন জামিন আবেদন করেছেন। শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গাইবান্ধাস্থ সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ মইনুল হাসান ইউসুফ এই দিন ধার্য করেন।
এমপি লিটনের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু জানান, শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা ও বাড়ি ভাংচুর-লুটপাটের মামলায় জামিনের জন্য আজ আদালতে আবেদন করা হয়। আদালত আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করে।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত হয় নয় বছরের শিশু সৌরভ। সৌরভের পায়ে তিনটি গুলি বিদ্ধ হয়। পরদিন এমপি লিটনকে একমাত্র আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। গত ৭ অক্টোবর এমপি লিটনসহ ১০জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মণ্ডল।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শিশু সৌরভের ক্ষতস্থানের ব্যান্ডেজ গত ১৮ অক্টোবর খুলে দেয়া হলেও সে এখনো একা হাঁটতে পারছে না।