ফিলিপাইনের মধ্যাঞ্চলের সিবু নগরীতে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় দুই চীনা কূটনীতিক নিহত হয়েছেন। এই ঘটনায় চীনা দূতাবাসের কনসাল জেনারেলও আহত হয়েছেন।
জাতীয় পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, হামলায় চীনা কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থ বিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া কনসাল জেনারেল আহত হয়েছেন। এই ঘটনায় একজন চীনা পুরুষ ও নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। পুলিশের আরেক মুখপাত্র প্রুদেন্সিও বানাসের বরাত দিয়ে এ্এফপি জানায়, আমরা একজন সন্দেহভাজন চীনা মহিলাকে গ্রেফতার করেছি। কিন্তু তাকে জেরা করতে আমাদের একজন অনুবাদক প্রয়োজন হবে।
ঘটনাটি একটি জনপ্রিয় ফিলিপিনো খাবারের রেস্টুরেন্টে ঘটেছে। রেস্টুরেন্টটির ম্যানেজার এএফপিকে বলেন, আমরা গোলাগুলিটি আসলে দেখিনি। তারা একটি আলাদা রুমে ছিল এবং আমরা হঠাৎ করে গোলাগুলির শব্দ শুনি। কিন্তু হোটেলের বেয়ারারা জানিয়েছে গোলাগুলির আগে তারা উত্তপ্ত বাক্য বিনিময় শুনেছে। এদিকে চীন দূতাবাসের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলেন, আমাদের দূতাবাস এখনো পাওয়া তথ্যগুলো খতিয়ে দেখছে। আমাদের নতুন কোনো তথ্য থাকলে সেটা আপনাদের জানানো হবে। বাসস ও নিউজ সাউথ এশিয়া।