বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেলের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ২০১৯ সালে নির্বাচন হবে। নির্বাচনে আসুন। দেশের মানুষের প্রতি আস্থা রাখুন। নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে পারবেন না।
প্রজন্ম লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মায়া বলেন, সকল কিছু জেনে প্রজন্ম লীগের সদস্য বানাবেন। যদি তা না করেন তাহলে আজকে যারা ষড়যন্ত্র করছে, তারা ঢুকে যেতে পারে। আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের ভালোবাসেন। শেখ রাসেলের প্রতি সম্মান জানাতে হলে আপনাদের রাসেলের মতো হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান আপনারা। আপনাদের দায়িত্ব অনেক বেশি।
এ সময় পূজায় নিরাপত্তা নিশ্চিত করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রশাসনকে অভিনন্দন জানান তিনি। মায়া বলেন, বাংলার মানুষকে অভিনন্দন জানাবো শারদীয় উৎসব শুরু হয়েছে। পূজামণ্ডপে গিয়ে দেখেন, কে হিন্দু, কে মুসলিম বোঝার উপায় নাই। এই উৎসব যেন কেউ নষ্ট করতে না পরে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র চিরতরে নসাৎ করতে হবে।
সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নওশের আলী প্রমুখ। বাসস।