সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে ইতিহাসে নিজেদের নাম লেখালেন রুশ ধনকুবের রিবলভ্লেভ ও তার সাবেক স্ত্রী এলিনা। ছয় বছর ধরে চলা আইনগত লড়াই শেষে জানা যাচ্ছে এর আগে কখনোই এতো অর্থ খরচ করে বিবাহ বিচ্ছেদ করেননি কেউ।
এই বিলিয়নিয়ার দম্পতি যে আর একসাথে থাকছেন না তা এর আগেই জানা গিয়েছিল। বিচ্ছেদের জন্য দুজনের মধ্যে লেনদেন নিয়ে বনিবনা হচ্ছিল না। বিষয়টি আদালতে গড়ানোর পর দুজনের মধ্যে একটি সমঝোতা হয়েছে। তবে কতো অর্থের বিনিময়ে এই সমঝোতা হয়েছে তা নির্দিষ্ট করে না জানা গেলেও এর সাথে যুক্ত একজন আইনজীবী জানিয়েছেন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ এটাই।
ধারণা করা হচ্ছে কয়েকশ কোটি ডলার খরচ করেই এই সমঝোতা হয়েছে। ২০১৪ সালের মে মাসে সুইজারল্যান্ডের একটি আদালত এলিনার পক্ষে রায় দিয়েছিল। ওই রায়ে স্ত্রীকে ৪০০ কোটি সুইস ফ্রাঁ বা ৪ দশমিক ২ বিলিয়ন (৪২০ কোটি) ডলার দিতে বলা হয় রিবলভলেভকে।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, 'বিচ্ছেদ নিয়ে আমরা যৌথভাবে একটি সমঝোতায় পৌঁছেছি। এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ের চলা আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটল।'
ফুটবল দল এএস মোনাকোর মালিক রিবলভ্লেভ। বিশ্বের ধনীদের তালিকায় ১৬৫ তম অবস্থানের রয়েছে তার নাম। আর রাশিয়ানদের মধ্যে ১৪ তম শীর্ষ ধনী তিনি। তার মোট সম্পদের পরিমাণ সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার। সূত্র: ফোর্বস