সিআইএ প্রধানের ইমেইল ফাঁস করল উইকিলিকস

 
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএ প্রধান জন ব্রেনানের ব্যক্তিগত বেশ কিছু ইমেইল ফাঁস করেছে উইকিলিকস। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে উইকিলিকস ব্রেনানের ইমেইল থেকে পাওয়া ছয়টি নথি ফাঁস করেছে। এর মধ্যে ২০০৭ সালে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ৪৭ পৃষ্ঠার একটি খসড়া নথিও রয়েছে।
 
নিউইয়র্ক পোস্টের কাছে এক স্কুলের বালক  দাবি করেছে, সেই এই হ্যাকের কাজের সঙ্গে জড়িত। এসব ফাইলে কাজ সংক্রান্ত বিষয়ও আছে। ঐ বালক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে ক্ষুব্ধ।
 
সিডব্লিউএ’র প্রকাশিত ইমেইলগুলোতে বেশ কয়েকজন শীর্ষ মার্কিন গোয়েন্দাদের পরিচিতি ও সন্ত্রাসবাদী যুদ্ধে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের উপর চালানো ‘নিষ্ঠুর জিজ্ঞাসাবাদ পদ্ধতির সারমর্ম’ রয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানায়।
 
বুধবার উইকিলিস ঘোষণা দেয়, সিআইএ প্রধানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করা হয়েছে। সামনের সময়গুলোতে এই নথিগুলো ফাঁস করা হবে।
 
পরে উইকিলিকসের ফাঁস করা ইমেইলে দেখা যায়, জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে ২০০৮ সালে সিনেট সিলেক্ট কমিটির চেয়ারম্যান তার বোডের্র অপরাপর সদস্যদের কাছে যে চিঠি পাঠিয়েছেন তা ব্যক্তিগত ইমেইলে স্থানান্তর করেন ব্রেনান। পরে সেখান থেকে সেগুলো নেয় ‘ক্র্যাকা’।
 
উইকিলিকসের সঙ্গে এই হ্যাকারের যোগসূত্র থাকতে পারে বলে মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন।
 
উইকিলিকস আরো একটি ইমেইল প্রকাশ করেছে, যার অসমাপ্ত শেষ অংশের শিরোনাম ‘ডেমেজিং লিকস অব ক্লাসিফায়েড ইনফরমেশন’।
 
এফবিআই এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্রেনানের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি তদন্ত করছে।