রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ শুরু হয়। বেলা দেড়টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।
এলাকাবাসী বলেছেন, বুধবার দুপুরে সড়ক পার হওয়ার সময় পিকআপ পিকআপ ভ্যানের চাপায় কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার নিহত হন। প্রতিবাদে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ঐ সড়কে অবরোধ করে রাখা হয়। গতিরোধক নির্মাণের আশ্বাস দেয়ার হলে তারা অবোরথ অবরোধ তুলে নেন। কিন্তু আজ কোনো উদ্যোগ না নেয়ায় আবারো সড়ক অবরোধ করা হয়।
শারমিনের পরিবারের ভাষ্য, গতকাল দুপুরে শারমিন বাসা থেকে বন্ধুর সঙ্গে শপিংয়ে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনি নিহত হন।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামানের ভাষ্য, পিকআপভ্যান ও চালককে পাওয়া যায়নি। তবে অবরোধকারীদের গতিরোধক নির্মাণের আশ্বাস দেয়া হয়েছে।