নড়াইলে গণপিটুনিতে একজনের মৃত্যু

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে শাহাজান শেখের বাড়িতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে বদর শিকদার (৩৫) নামে একজন মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। তিনি বাগেরহাটের চিতলমারি থানার কাঠিপাড়া গ্রামের মৃত মহব্বত আলী শিকদারের ছেলে।

নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, শুক্রবার রাত ৪টার দিকে লক্ষ্মীপুর গ্রামে শাহাজান শেখের বাড়িতে এক ব্যক্তি চুরি করতে আসে। বাড়ির লোকজন তার উপস্থিতি বুঝতে পেরে চোর, চোর বলে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দেয়। গুরুতর অসুস্থ লোকটিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।

প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে নথিভুক্ত হলেও শনিবার দুপুরে তার পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচ