রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ধর্ম সমপ্রদায়ের হলেও উত্সব সার্বজনীন। ঐক্যবোধ আর ধর্মনিরপেক্ষতা এদেশের মানুষের ধর্ম। বৃহস্পতিবার শারদীয় দুর্গোত্সবের বিজয়া দশমীতে বঙ্গভবনে হিন্দু সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুল হামিদ বলেন, দুর্গাপূজা কিংবা অন্যান্য পার্বণ বাংলার শাশ্বত ঐতিহ্য ও সংস্কৃতির গভীর থেকে উত্সারিত, তাই এসব উত্সব কখনও ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকেনি।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং সকল ধর্মের লোক শান্তিপূর্ণভাবে ও সাড়ম্বরে তাদের স্ব স্ব ধর্মীয় রীতি ও সামাজিক কর্মসূচি পালন করছেন।
সকল ধর্মের প্রধান বার্তা ‘জনগণের কল্যাণ’ উল্লেখ করে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন, দুর্গাপূজা সকল ধর্ম, বর্ণ ও গ্রোত্রের জন্য সৌহার্দ্য ও সম্প্রীতি বয়ে আনবে।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ ও বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।