সোনারগাঁয়ে গলিত লোহায় দগ্ধ হয়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে দগ্ধ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত রহিম গ্রুপের প্রতিষ্ঠান রহিম স্টিল মিলস লিমিটেডের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সুরুজ মিয়া (৩৭)। তিনি ওই কারখানার ক্রেনচালক। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। 

রহিম স্টিল মিলের প্রধান পরিচালন কর্মকর্তা জানান, ‘শনিবার ভোরে কারখানায় ক্রেন দিয়ে গলিত লোহা বহনকারী পাত্র (লেডেল) আকস্মিকভাবে লিকেজ হয়ে যায়। এ সময় বেশ কিছু পরিমাণ উত্তপ্ত গলিত লোহা ছিটকে ক্রেনচালক সুরুজ মিয়ার শরীরে পড়লে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় কারখানায় কমর্রত সুরুজ মিয়ার আরো দুই ভাই সেখানে কাজ  করছিলেন। তারা ঘটনা প্রত্যক্ষ করেছেন। সুরুজ মিয়া ছাড়া আর কারো কোন ক্ষতি হয়নি। এ দুর্ঘটনার ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত সুরুজ মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুনঃ মাত্র ৫শ টাকার বিনিময়ে ধর্ষকের হাতে প্রেমিকাকে তুলে দেয় প্রেমিক

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সলিমুল হক জানান, ‘ঘটনাস্থল থেকে নিহত সুরুজ মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। গলিত লোহা ছিটকে পড়ে তার পুরো শরীর ঝলসে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু