সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘লালগালিচা’ সংবর্ধনা দেয়ায় রাশিয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার সন্ধ্যায় মস্কো যান আসাদ। বুধবারই আবার তিনি রাজধানী দামেস্ক ফিরে আসেন। খবর রয়টার্সের
আসাদ দেশে ফেরার পর তার রাশিয়া সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুলজ বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা আসাদের জন্য লালগালিচা অভ্যর্থনা দেখলাম, যিনি নিজের দেশের মানুষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।’ সিরিয়ায় ‘রাজনৈতিক পরিবর্তনে’ রাশিয়ার অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মত ভিন্নতার কথাও জানান তিনি।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই আসাদের প্রথম বিদেশ সফর। ক্রেমলিনের পক্ষ থেকে আসাদ ও পুতিনের বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আসাদ সরকারের সহযোগিতায় গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। তাদের হামলায় আইএসসহ সরকার-বিরোধী সশস্ত্র গ্রুপগুলো বেশ দুর্বল হয়েছে বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। বিভিন্ন স্থানে লড়াইয়ে সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রগতির খবরও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে।