টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের জন্য হাইকোর্টের দেয়া রায়ের কপি গতকাল রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে।
রিটানিং অফিসার মো. আলীমুজ্জামান জানান, আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী দলীয় প্রতীক নৌকা, কৃষক শ্রমিক জনতা লীগের আবদুল কাদের সিদ্দিকী গামছা, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) ইমরুল কায়েস আম এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতাউর রহমান খান পেয়েছেন টেলিভিশন।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টি (জেপির) প্রার্থী সাদেক সিদ্দিকী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪১০ টাকার ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান। এর বিরুদ্ধে কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনে আপিল করলে নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। পরে তিনি প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গত ১ সেপ্টেম্বর পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১০ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।