আরেক নতুন চলচ্চিত্র নিয়ে ফেরদৌস

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দিক থেকেও এগিয়ে আছেন তিনি। তার প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১-এর কাজ চলছে। আর এর মাঝেই তিনি জানালেন তার প্রযোজিত পরবর্তী চলচ্চিত্রের কথা। তবে নতুন চলচ্চিত্রটি ভিন্নধাঁচের। এই চলচ্চিত্রটি ফেরদৌস নির্মাণ করছেন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ঘিরে।

 

এ বিষয়ে ফেরদৌস জানান, ‘আমার প্রযোজিত নতুন চলচ্চিত্রটির নাম ‘শ্বাসমূল’। এটি কলকাতার সাথে যৌথ প্রযোজনার একটি চলচ্চিত্র। মূলত, আমি এই চলচ্চিত্রটি নির্মাণ করবো সুন্দরবনকে কেন্দ্র করে। তাই চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হবে সুন্দরবনে। আমি একটি ভিন্ন প্রেক্ষাপট থেকে চলচ্চিত্রটির নাম নির্ধারণ করেছি। এই যেমন সুন্দরী গাছ মূল দিয়ে শ্বাস নেয়। ম্যানগ্রোভ বনে মাটি ফুঁড়ে বের হয় গাছটি। আর এটা ভেবেই আমি নতুন চলচ্চিত্রটির নাম নির্ধারণ করেছি ‘শ্বাসমূল’।’