রাজধানীর গাবতলীতে ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লাকে হত্যার একদিনেও মামলা হয়নি। এ ঘটনায় এ পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে। তবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর পর্বত সিনেমা হলের সামনে তল্লাশির সময় ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা (৩৭) নিহত হন। তাত্ক্ষণিক পুলিশ মাসুদ নামে একজনকে গ্রেফতার করে। বাকি তিন জনের নাম জানা যায়নি।
শুক্রবার সন্ধ্যায় দারুস সালাম থানার এসআই মোরশেদা আকতার বলেন, ‘এখনও কোনো মামলা হয়নি।’
দুপুরে রাজারবাগ পুলিশ লাইন মাঠে ইব্রাহিম মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘মাসুদের দেয়া তথ্য অনুযায়ী সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গ্রুপ এই হত্যার ঘটনা ঘটিয়েছে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করতে চায় না। যারা এদেশের উন্নয়ন আর স্থিতিশীলতাকে পছন্দ করে না তারাই এই ঘটনা ঘটিয়েছে।’