হোসাইনী দালানে বোমা হামলা, নিহত ১ আহত ৫০

 

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাচালে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড়ে হোসাইনী দালানে ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানিয়েছেন, এগুলো হাতবোমার বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের ঘটনায় ১জন নিহত হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

এ ঘটনায় অন্তত ৬৫ জন আহত হওয়ার খবর পেয়েছেন বলে জানিয়েছেন আজিজ আহমেদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোজ নিলে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান এ ঘটনায় আহত অন্তত ৫০ জন ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন।
 
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে এ সংবাদ প্রকাশের সময় (ভোর ৪.১৫ মি.) ইতিমধ্যে ২৭ জন এসেছেন। এখনও আহতদের নিয়ে আসা হচ্ছে।
 
আজ পবিত্র আশুরা। শিয়া মতাবলম্বীরা প্রতি বছর যেসব আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে তাজিয়া মিছিল তারমধ্যে অন্যতম। প্রতিবছর রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার, পল্টন এবং হোসাইনী দালান থেকে তাজিয়া মিছিল বের করেন শিয়া মতাবলম্বীরা।
 
প্রতিবছরের মতো তাজিয়া মিছিল বের করার উদ্দেশ্যে শনিবার ভোররাতে শিয়া ধর্মাবলম্বীরা হোসেনী দালানে সমবেত হন । প্রত্যক্ষদর্শী একজন জানান, মিছিল শুরুর আগে পুলিশ ও র‌্যাব সদস্যরা হোসাইনী দালানের চারপাশ পরিদর্শন করেন নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। ঠিক তার পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
 

তবে হাসপাতাল সূত্র জানিযেছে আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।