হোসাইনী দালানে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

পুরান ঢাকার হোসাইনী দালান এলাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তত্পরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়েছে। আইএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'বাংলাদেশে খেলাফতের সৈনিকরা বহুঈশ্বরবাদীদের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।'
IMG0
শুক্রবার রাতের এ বোমা হামলায় সাজ্জাদ হোসেন নামের এক কিশোর নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। শুক্রবার রাত পৌনে দুইটার দিকে হোসাইনী দালান চত্বরে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানান চকবাজার থানার ওসি আজিজ।
IMG1
পুলিশ জানায়, নিরাপত্তার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে নিরাপত্তা সংস্থার সদস্যরা এ সময় ওই এলাকায় মোতায়েন ছিলেন। নিহত কিশোর সাজ্জাদকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।