মাদক পাচারের অভিযোগে থাইল্যান্ডে ৪ জাপানি গ্রেফতার

থাইল্যান্ডের রাজধানীতে মাদক পাচার ও ঘুষ দেয়ার অভিযোগে চার জাপানিকে গ্রেফতার করা হয়েছে। এক গোপন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। শনিবার এক বিবৃতিতে  এ তথ্য জানিয়েছেন থাই পুলিশ।

এতে বলা হয়েছে, একটি গ্রুপ থাইল্যান্ডের বাইরে মাদক পাচার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ওই চার জাপানিকে গ্রেফতার করা হয়। তাদের বয়স ৩৪ থেকে ৫০ বছরের মধ্যে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংককের মধ্যাঞ্চলে ছদ্মবেশে পুলিশের এক এজেন্ট এক জাপানি নাগরিকের কাছ থেকে ২ দশমিক ৩ কিলোগ্রাম মাদক কেনেন। এরপর তাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়। তার মুক্তির জন্য থাই পুলিশকে ১৭ লাখ বাথ সাধার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দেয়ারও অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পরে ওই ব্যক্তিকে মুক্তি দেয়ার জন্য থাই পুলিশকে ২৮ হাজার ডলার ঘুষ দেয়ার প্রস্তাব দেয়ায় আরো তিন জাপানির বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মাদক বাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত থাইল্যান্ড।