ম্যান ভার্সেস ওয়াইল্ডে দুঃসাহসী বিয়ার গ্রিলসের সাথে ওবামার পোকামাকড় খাওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। যখন প্রশ্ন থাকে জীবন মরণের তখন খাদ্য আর অখাদ্যের বিভেদ থাকে না। চীনাদের আরশোলা খাওয়া নিয়েও রয়েছে রসালো গল্প। এসব ছাড়িয়ে ব্রিটেনের ওয়েলসে এবার চালু হচ্ছে এমন একটি রেস্টুরেন্ট যেখানে মেনুতে থাকবে শুধু পোকামাকড় দিয়ে বানানো খাবার।
'গ্রাব কিচেন' নামে চালু হতে যাওয়া রেস্টুরেন্টটির খাবারের নামগুলোও বেশ রংবাহারি। মিলওয়ার্ম, ক্রিকেট-গ্রাসহপার বার্গারের মতো খাবারগুলো থাকছে তাদের তালিকায়। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই অভিনব সব স্বাদ নেয়ার সুযোগ পাবেন দক্ষিণ-পশ্চিম ওয়েলসের পেমব্রোকশায়ারের বাসিন্দারা।
রেস্টুরেন্টটির খাবারের কাঁচামাল আসবে অক্সফোর্ডের গবেষক সারাহ বেয়ননের পোকা খামার থেকে। সেগুলো থেকেই বিভিন্ন ডিশ বানাবেন এন্ডি হলক্রফট। তার মতে, আমাদের বর্তমান খাদ্যাভ্যাস টেকসই নয়। তাই প্রতিদিনের খাবারের মধ্যে পোকামাকড় আমদানি করে মানুষকে প্রকৃতির আরো কাছা নিয়ে আসা তার প্রধান উদ্দেশ্য। আর ব্রিটিশরা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হন তাই সেগুলোকে ওয়েলসে নিয়ে আসার পরিকল্পনা হলক্রাফটের। সূত্র: দ্য টেলিগ্রাফ