সুদিপ্ত কুমার নাগ
সারাদিন সব কাজ করতে ভালো লাগে কিন্তু পড়ালেখা করতে ভালো লাগে না। তাই এবার ভাবলাম যে, সারাজীবন পরীক্ষার আগে যেভাবে পড়তাম, সেভাবে না পড়ে আগে থেকেই সময়মতো পড়ব। যেই কথা সেই কাজ। সন্ধ্যার সময় রুমে এসেই পড়তে বসলাম। আমার পড়তে বসা দেখে রুমমেটরা অবাক। অবাক না হয়ে কি তাদের উপায় আছে? আমি সপ্তাহে একদিনও পড়তে বসি না। অন্য সবার পড়ার টেবিলে বই-খাতা থাকে আর আমার পড়ার টেবিলে কিছু গল্পের বই আর জামাকাপড় সাজানো। আমার রুমে অন্য তিনজনেরই সিজিপিএ ৩.৭-এর ওপর। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য লড়ে যাচ্ছে। আর সেখানে একমাত্র দুর্দশাগ্রস্ত সিজিপিএ আমার। বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণব্যবস্থা আছে কিন্তু কম সিজিপিএ-ধারীদের ত্রাণের কোনো ব্যবস্থা নেই। আমি কখনো ত্রাণ মন্ত্রী হলে কম সিজিপিএ-ধারীদের ত্রাণ হিসেবে সিজিপিএ বাড়িয়ে দিয়ে সাহায্য করতাম।
যাহোক, পড়তে বসার পরপরই আমার একজন রুমমেট বলল, ‘আজকে সূর্য কোন দিকে উঠেছে? তুই পড়তে বসছিস।’
আরেকজন বলল, ‘এবার মনে হয় তুই বিসিএস ক্যাডার না হয়ে আর টেবিল থেকে উঠবি না।’
শেষমেশ রাগ করে আর বই পড়া বন্ধ করে ফেসবুকে বসলাম। বুঝতে পারলাম যে, আমার দ্বারা পড়ালেখার ব্যর্থ চেষ্টা করে হবে না।
দুই.
পরেরদিন আবারও রাতের বেলা পড়তে বসলাম। কিন্তু পাঁচ মিনিট পড়ার পরেই আর মন বসে না। ইন্টারনেটে সার্চ দিলাম যে, ‘লেখাপড়ায় মনোযোগী হওয়ার উপায়’ লিখে। একটা জার্নালে লিখছে যে, একনাগাড়ে বেশিক্ষণ পড়া উচিত না এবং ২০ মিনিট পড়ার পর ১০ মিনিট বিরতি দেওয়া উচিত। আমিও সেই কাজ করলাম। ২০ মিনিট পড়ার পর ১০ মিনিটের বিরতি নিলাম। বিরতির সময় ফেসবুকে ঢুকলাম। কোন দিক দিয়ে যে ১০ মিনিট পার হয়ে ২ ঘণ্টা কেটে গেল, তা আর বুঝতে পারলাম না। এতে বুঝলাম, যে বিজ্ঞানী বলেছে ২০ মিনিট পড়ার পর ১০ মিনিট বিরতি নেওয়া উচিত, সে বিজ্ঞানীর সময় ফেসবুক ছিল না। এভাবে আবারও আমার পড়ালেখার চেষ্টা ব্যর্থ হলো!
তিন.
এবার একদম প্রতিজ্ঞা করে বসলাম যে, পড়তে বসলে আর উঠব না। ডাইনিংয়ে রাতের খাবার শেষে পড়তে বসলাম। আমার পড়তে বসা নিয়ে রুমমেটরা যেন টিটকারি করতে না পারে, সে জন্য আমি এবার কানে ইয়ারফোন লাগিয়ে পড়তে বসলাম। হঠাত্ দেখি যে, রাত তিনটা বাজে। ইয়ারফোন কানে লাগিয়ে পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি, তা আর টেরই পাইনি। এবারও আমার আর পড়া হলো না। আমি বুঝতে পারলাম যে, আমার একটু-আধটু পড়ালেখার ব্যর্থ চেষ্টা করে আর লাভ নেই। বরং পরীক্ষার আগের দিন রাতে পড়ালেখা করাই আমার জন্য ভালো!
কার্টুন জ্যোতি