একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিপক্ষের আইনজীবীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরেই নানভাবে হয়রানি-নির্যাতন করে আসছে বলে অভিযোগ করলেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রবিবার দুপুরে সুপ্রিমকোর্ট বারের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। খন্দকার মাহবুব বলেন, ডিফেন্স টিমের দুইজন যোগ্য ও মেধাবী আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে হয়রানি ও আসাদ উদ্দিনকে তুলে নিয়ে আইন-শৃংখলা বাহিনী আবারো প্রমাণ করলো তারা আইনজীবীদের নানাভাবে হয়রানি করছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিশির মনির নিজেই সাংবাদিকদের ক্ষুদেবার্তায় তারা বাসায় পুলিশ যাওযার কথা জানালেও তা অস্বীকার করেন তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার। তিনি বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই।
একইদিন রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান জানান, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে সিরাজগঞ্জ যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অতিউৎসাহী না হওয়ারও পরামর্শ দেন তিনি। সঙ্গে যোগ করেন, এক সরকার সব সময় থাকবে না। সরকার আসবে যাবে। এটাই নিয়ম।
তাদের উদ্দেশে এই আইনজীবী বলেন, বিপদে পড়লে আপনাদেরও আইনজীবীদের কাছে আসতে হবে। সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট গোলাম মো. চৌধুরী আলাল, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ফোকাস বাংলা।