ফ্লোরিডায় ৩২০ টি ভালুক শিকারের অনুমতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পরিবেশবাদীদের বিরোধিতা সত্ত্বেও  ৩২০ টি কালো ভালুক নিধনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গত দুই দশকে প্রথমবারের মতো এই রাজ্যের ওয়াইল্ড লাইফ কমিশন শিকারিদের ছাড়পত্র দিয়েছে।  
 
গত দুই দশক ধরে শিকার বন্ধ থাকার কারণে ভালুকের সংখ্যা বেড়ে গেছে। তাই ভালুকের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য  এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ভালুকের আক্রমণে চারজন আহত হয়েছে।  গতকাল শনিবারে ২০০ ভালুক শিকার করা হয়েছে। শিকারিদের মধ্যে ছিল ১৬ বছর বয়সী এক তরুণ যে জানিয়েছে, ৮০ কেজি ওজনের একটি ভালুক শিকার করে সে তার স্বপ্ন পূরণ করেছে। সব মিলিয়ে চার হাজার শিকারিকে পারমিট দেওয়া হয়েছে । 
 
এদিকে রাজ্যের বন্যপ্রাণী সংরক্ষণবাদী বিভিন্ন সংগঠন  এ সিদ্ধান্তের  কঠোর সমালোচনা করেছে। তারা বলেছেন, এটা কোনো সমাধান নয়। যুক্তরাষ্ট্রের ৪১টি অঙ্গরাজ্যে কালো ভল্লুক পাওয়া যায় যার মধ্যে ৩২টিতে এদের শিকারের অনুমতি আছে। বিবিসি।