এই সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে নেপাল

নেপালের রাজনৈতিক দলগুলো আজ রোববার একজন একক প্রার্থী মনোনয়ন প্রশ্নে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় দেশটির সংসদ সদস্যরা এ সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন বলে আশা করা হচ্ছে। নেপালের পার্লামেন্টের একজন মুখপাত্র বলেন, গত মাসে গৃহীত সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিক রাষ্ট্র প্রধান হিসেবে বর্তমান প্রেসিডেন্ট রাম বরণ যাদবের স্থলাভিষিক্ত করতে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আগামী বুধবার আইনসভায় ভোটাভুটি হবে।
 
পার্লামেন্টের মুখপাত্র ভারত গৌতম এএফপিকে বলেন, একজন মতৈক্যের প্রার্থী ঠিক করার সময়সীমা আজ মনোনয়ন ছাড়াই পেরিয়ে গেছে। সুতরাং বুধবার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাম বরণ যাদব ২০০৮ সালে ২৪০ বছরের প্রাচীন হিন্দু রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর নেপালের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রাথমিকভাবে তার মাত্র দু’বছরের জন্য প্রেসিডেন্ট থাকার কথা ছিল। কিন্তু কয়েক বছর ধরে রাজনৈতিক মতবিরোধের কারণে নতুন সংবিধান প্রণয়ন ও সমঝোতার বিষয়টি বিলুপ্তিত হতে শেষ পর্যন্ত মাত্র গত মাসে নতুন সংবিধান গৃহীত হয়।  সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পার্লামেন্ট চলতি মাসে কেপি শর্মা ওলিকে দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে। প্রেসিডেন্ট পদপ্রার্থীকে মঙ্গলবার বিকেলের মধ্যে নাম নিবন্ধন করাতে হবে। বাসস।