একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুরের অ্যাডভোকেট সামসুল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
একইসঙ্গে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এই ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সোমবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গাজী তামিম।
মামলার ৮ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল হক ও এস এম ইউসুফ আলী কারাগারে আছেন।
পলাতক ৬ জন হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।