গুয়াতেমালায় প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেস জয়ী

গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেস জয়ী হয়েছেন। দেশটির সাবেক ফাস্ট লেডি সান্দ্রা টরেসের বিরুদ্ধে নির্বাচনে লড়ে ৭২ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

ভোট গণনার পর মোরালেস বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসাবে আমি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈশ্বর সহায়। সবাইকে ধন্যবাদ।”

নির্বাচনে সরকারে অনভিজ্ঞ একজন সাবেক টেলিভিশন কমেডিয়ানের জয়ী হওয়া দেশটির অজনপ্রিয় রাজনৈতিক অভিজাত শ্রেণির প্রতি মানুষের অনাস্থারই প্রকাশ। সব ভোট গণনার আগেই টরেস পরাজয় মেনে নিয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট ওত্তো পিরেজ মলিনার পদত্যাগ ও গ্রেফতারের একমাস পর এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হল। তার বিরুদ্ধে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ও কাস্টমস কমকর্তাদের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

অবশ্য এ ধরনের দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মলিনা।