ইতালীয় নাগরিক চেজার তাবেল্লা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে সোমবার এ আদেশ দেন।
এই তিনজন হলেন- রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল এবং শাখাওয়াত হোসেন ওরফে শরীফ।
আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাস উদ্দিন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ওই তিনজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ হেফাজত চান। বিচারক শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটদিনের পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দেন।
গ্রেফতারদের মধ্যে তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ায় তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়নি বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মিরাস উদ্দিন।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানের সড়কে তাবেল্লাকে গুলি চালিয়ে হত্যা করা পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন ইতালির এই নাগরিক, ঢাকায় তিনি একাই থাকতেন।