‘বাংলাদেশ এখন তলা বিহীন ঝুড়ি নয়’

‘‘বাংলাদেশকে এক সময় তলা বিহীন ঝুঁড়ি বলা হত। এখন আর তলা বিহীন ঝুড়ি নয় বাংলাদেশ, বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল। মধ্যম আয়ের দেশ হিসাবে শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।’’
 
সোমবার জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আয়োজিত কৃষিঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ কথা বলেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন এতে সভাপতিত্ব করেন।
 
আতিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।’
 
নানা সফলতা নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।’ এ সময় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
 
আতিউর রহমান জানান, ২০১৫-১৬ অর্থ বছরে কৃষি ও পল্লি খাতে ১৬ হাজার চার শ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
 
অনুষ্ঠানে কৃষি, প্রাণী সম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, গ্রিন ফাইন্যান্সিং খাতে ও ১০ টাকার হিসাবের বিপরীতে এক শ ৯৭ জন উদ্যোক্তার মাঝে এক কোটি ১৮ লাখ টাকার ঋণ বিতরন করা হয়।এ সময় স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত পাঁচ শ দুগ্ধ খামার উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলায় পোল্ট্রি শিল্পের ব্যাপক সফলতায় অগ্রণী ভূমিকা পালনকারী হিসাবে জামালগঞ্জ সরকারি হাঁস-মুরগী খামারের সাবেক উপ পরিচালক শাহ জামালকে বিশেষ সন্মাননা প্রদানসহ সফল ব্যবসায়ী হিসাবে ১৬ জনের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।  স্কুল ছাত্রদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
 
এতে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক এএফএম শরিফুল ইসলাম ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মীর শহিদ মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।