‘দেশ কোনভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না’

‘দেশ কোনভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবে না। আন্তর্জাতিকভাবে সন্ত্রাস নির্মুল করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’
 
সোমবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার শোলারকোলা পালপাড়ায় নিহত পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লার গ্রামের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর এ কথা বলেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হল সংলগ্ন এলাকায় ‍দুই দুর্বৃত্তের ব্যাগ তল্লাশি করতে গিয়ে ছুরিকাঘাতে আহন হন এএসআই ইব্রাহিম মোল্লা। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
 
তিনি আরো বলেন, ‘যখন দেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হওয়া প্রায় আসন্ন এ রকম একটি সময়কে বেছে নেয়া হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য। আমার মনে হয় এগুলোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। এজন্য সরকারকে আরো বেশি সচেতন হতে হবে।’
 
এ সময় তিনি নিহত এএসআই ইব্রাহিম মোল্লার পরিবার যেন ভবিষ্যতে অসচ্ছলতার মধ্যে না পড়ে এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।IMG0পরিদর্শনকালে অন্যানের মধ্যে মানবাধিকারের পরিচালক মো. শরীফ উদ্দিন, মানবাধিকার কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার  মো. মজিবর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুর রহমান ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।