১০ শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে হত্যার হুমকি

 
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের শীর্ষ ১০ কর্মকর্তাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। সোমবার ফোনে প্রথমে তাঁদের কাছে চাঁদা চাওয়া হয়। টাকা না দেয়ায় গুলি করে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুই ব্যক্তি।
 
এ নিয়ে আগারগাঁস্থ ইসি সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জরুরি বৈঠক করে সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। 
 
এ বিষয়ে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক (উপ-সচিব) এস এম আসাদুজ্জামান আরজু বলেন, সকালে ফোনে চাঁদা দাবি করে তাঁকে গুলি করার হুমকি দেয়া হয়। একই ধরনের হুমকি ১০ জন কর্মকর্তাকে দেয়া হয়েছে। 
 
হুমকিদাতাদের একজন নিজেকে পেট কাটা বাবু ও অপর একজন নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বলে দাবি করেছে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে পর পর এ ১০ জন কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করে বলে জানান তিনি।
 
বিকালে আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হুমকিদাতা ০১৯৯১৭৬০৭১৭ এই নম্বর থেকে ফোন করে।