ঠাট্টা’র জন্মদিনে

 

  রায়হান ফেরদৌস

 

লাভ ম্যারেজে করছি বিয়ে

ডাকি তারে ময়না,

সেই সুযোগে বউ যে আমার

কিনবে দামি গয়না।

 

পকেট জুড়ে টাকার অভাব

ময়না ভালোই জানে,

ওসব কথা কোনো ভাবেই 

নিচ্ছে না তো কানে।

 

উপায় খুঁজে পাই না তো আর

করি এখন কি যে,

গয়নার কথা মাথায় এলে

ঘামে শরীর ভিজে।

 

বলছি শেষে বুদ্ধি এঁটে

গয়না দেব কিনে,

শর্তটুকু বেঁধে দিলাম

ঠাট্টা’র জন্মদিনে।

 

ময়না তখন নিয়ম করে

ঠাট্টা খুবই পড়ে,

রম্য ছড়া, গল্প পড়ে

একাই হেসে মরে।

 

গয়নার চিন্তা বাদ দিয়ে সে

ঠাট্টায় মজে আরও—

ইচ্ছে জাগে নতুন করে

লেখক হওয়ার তারও।