বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘দশম জাতীয় সংসদে যে প্রক্রিয়ায় একটি ফেক বিরোধী দল সৃষ্টি করা হয়েছে তা সংসদীয় রাজনীতির জন্য একটি বাজে নজীর হয়ে থাকবে। সংসদের এই কথিত বিরোধী দল আত্মপরিচয়ের সংকটে শুরু থেকেই নিমজ্জিত। সরকারের জন্য তা এখন ক্রমেই বড় মাপের বোঝা হয়ে উঠেছে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিপন বলেন, ‘এই ফেক অপজিশন (ভূয়া বিরোধী দল) রেখে বর্তমান জাতীয় সংসদকে পাঁচ বছর পর্যন্ত টেনে নেয়ার সংকল্প আদৌ বুদ্ধিমানের কাজ বলে গণ্য হবে না। কারণ এই তথাকথিত বিরোধী দলকে যতই সুবিধা দিয়ে রিষ্ট-পুষ্ট করা হোক না কেন তারা দেশ-বিদেশে প্রকৃত বিরোধী দল হিসেবে কোনদিনই স্বীকৃতি পাবে না।’ সংসদের এই কথিত বিরোধী দল আত্মপরিচয়ের সংকটে শুরু থেকেই নিমজ্জিত। সরকারের জন্য তা এখন ক্রমেই বড় মাপের বোঝা হয়ে উঠেছে। এই বাস্তবতাটি শাসকদল যতই দ্রুত উপলব্ধি করতে সক্ষম হবেন ততই তাদের জন্য মঙ্গল।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দেয়া বিবৃতির বিষয়টি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘টিআইবি’র ভাষায় জাতীয় সংসদ-পুতুল নাচের নাট্যশালায় পরিণত হওয়ায় এবং এখানে কোনো প্রকৃত বিরোধী দল না থাকায় টিআইবির কঠোর সমালোচনা করেছেন শাসকদলীয় মাহবুবুল আলম হানিফ এবং দশম সংসদের চিফ হুইপ। কিন্তু তারা টিআইবি’র পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেননি। এবং বলতেও পারেননি যে, টিআইবি অসত্য পর্যবেক্ষণ দিয়েছে। বরং টিআইবি এ সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় তাদেরকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত বলে অসৌজন্য মন্তব্য করেছেন। আমরা এর নিন্দা করি।’