বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব তুষারের শ্রদ্ধার্ঘ্য

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার। শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার পরিবারসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

এর আগে গত শুক্রবার হাসান জাহিদ তুষার ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন।

গত সোমবার সাংবাদিক হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগের মেয়াদকাল প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রী তাকে যতদিন এ পদে রাখতে চান ততদিন থাকবেন বলে আদেশে বলা হয়েছে।

আরও পড়ুনঃ আদমদীঘিতে সিএনজি-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন। তিনি ইংরেজি দৈনিক ডেইলি স্টারের রাজনৈতিক প্রতিবেদক হিসাবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন।

ইত্তেফাক/নূহু