১০ মাসে ৪ লাখের বেশি কর্মী বিদেশ গেছেন

 
গত জানুয়ারি থেকে দশ মাসে বাংলাদেশ থেকে ৪ লাখ ১৪ হাজার ৮১২ জন কর্মী বিদেশে গেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন তারা।
 
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই তথ্য জানানো হয়। সভা থেকে জানানো হয়, বৈদেশিক কর্মসংস্থান নীতি, ২০১৫ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও রিক্রুটিং এজেন্সিসমূহের আচরণবিধি এবং তাদের কার্যক্রমের ভিত্তিতে এজেন্সিসমূহের শ্রেণীকরণের বিষয়টিও পরীক্ষাধীন রয়েছে। সভা থেকে জি টু জি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়টি আরো দ্রুততার সাথে করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
 
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি সভায় অংশগ্রহণ করেন। -বাসস