সৌদি যুবরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ৩ মার্কিন নারীর

সৌদি আরবের এক যুবরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তিন মার্কিন নারী। তারা জানিয়েছেন, তিনদিন ধরে তাদের আটকে রাখা হয়েছে এবং বিকৃত যৌনাচার ও মাদক সেবনের জন্য আয়োজিত পার্টিতে অংশগ্রহণেও বাধ্য করা হয়।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিখ্যাত বিলাসবহুল বেভারলি হিলস ম্যানশনগুলোর (উঁচু দেয়ালঘেরা বাড়ি) একটিতে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।

ওই তিন নারী এ ব্যাপারে লস অ্যাঞ্জেলেস-এর আদালতে একটি মামলা করেছেন।

মামলার অভিযোগে তারা জানান, মাজেদ আব্দুল আজিজ আল-সৌদ (২৯) গত সেপ্টেম্বর মাসে তাদেরকে গৃহকর্মী হিসেবে ভাড়া করেন। এরপর থেকেই তাদের উপর নিপীড়ন চালানো হতো।

গত বৃহস্পতিবার দায়ের করা ওই মামলার অভিযোগপত্রে আরো বলা হয়, সৌদি যুবরাজ ভয় দেখিয়ে তাদের উপর যৌন নিপীড়ন চালায়। তার কথায় রাজি না হওয়ায় যুবরাজ চিত্কার করে বলে ওঠেন, ‘তুমি কোনো নারী নও! তুমি কেউ নও! আমি একজন যুবরাজ এবং আমি যা চাই তাই করব! কেউই আমার কিছু করতে পারবে না!’

ওই তিন নারীর আইনজীবী ভ্যান ফ্রিশ সোমবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সৌদি যুবরাজ তার নারী কর্মচারীদের সহিংস হুমকি দিয়েছেন এবং তাদের উপর যৌন নিপীড়ন চালিয়েছেন। তিনি বলেন, সম্পদ ও ক্ষমতার ব্যবহার করে নিরীহ লোকদের উপর মানসিক ও শারীরিক নিপীড়ন চালানোর আরেকটি ন্যক্কারজনক উদাহরণ এটি।

ফ্রিশ জানান, তার ওই তিন মক্কেল নারীর উপর নির্যাতন থামে যখন অন্য এক নারী তারা যে বাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিল সে বাড়ির দেয়াল টপকাতে গিয়ে চিত্কার-চেচামেচি করে এবং কেউ একজন পুলিশে খবর দেয়।

দেয়াল টপকে পালানোর চেষ্টাকারী ওই নারীকে মুখ দিয়ে যৌন কর্মে বাধ্য করার অভিযোগে পুলিশ যুবরাজকে গ্রেফতার করে। এরপর আরো চার নারী তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন; কিন্তু লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে, সাক্ষ্য-প্রমাণের অভাবে ওই মামলায় তারা যুবরাজের বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধের অভিযোগ আনবে না। তবে তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আনা হতে পারে।