লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আল-মায়া উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীগুলোর বিরোধের কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় ব্যাংকের জন্য অর্থ পৌঁছে দিয়ে যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ত্রিপোলির দিকে ফিরছিল। নিহতদের মধ্যে উচ্চপদস্থ মিলিশিয়া সদস্যরাসহ ব্যাংক কর্মীরাও ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ঐ মুখপাত্র আরো জানিয়েছেন, বেসামরিক ব্যাংক কর্মীরা সুরমান শহর থেকে ত্রিপোলি ফিরছিলেন।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে বিভিন্ন গোত্রগত বিরোধ দেখা দেয়। ঐ গোত্রগুলোর মিলিশিয়া বাহিনীই নিজস্ব অঞ্চলগুলোকে পৃথকভাবে শাসন করে আসছে।