অস্ট্রেলিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, ইউরোপের উচিত অস্ট্রেলিয়াকে অনুসরণ করা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে পালিয়ে আসা শরণার্থীদের জন্য সীমান্ত বন্ধ করে দেয়া। লন্ডনে বার্ষিক মার্গারেট থ্যাচার বক্তৃতায় তিনি একথা বলেন। উল্লেখ্য, অ্যাবোটের শাসনামলে অস্ট্রেলিয়া সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করে ও শরণার্থীদের নৌকা ভিড়তে বাধা দেয়।
বক্তৃতায় অ্যাবোট বলেন, ‘বিপথে চালিত পরার্থপরতা ইউরোপকে বেশি করে মারাত্মক ভুলের মধ্যে নিয়ে যাচ্ছে।’ নিজের দলের দ্বারা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম কোনো বড় ধরনের বক্তৃতায় তিনি বলেন, ‘নিজেকে মৌলিকভাবে দুর্বল করা ছাড়া কোনো দেশ অথবা মহাদেশ সব আগন্তুকের জন্য সীমান্ত খুলে দিতে পারে না।’
লন্ডনের গিল্ডহলে দর্শক হিসেবে থাকা ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মন্ত্রী ও সদস্যদের সামনে অ্যাবট আরো বলেন, ‘এটা একটা ঝুঁকি যে ইউরোপের দেশগুলো এখন বিপথে চালিত পরার্থপরতার মধ্য দিয়ে যাচ্ছে।’ সূত্র: বিবিসি