বোমা মেরে উন্নয়নের গতি রোধ করা যাবে না: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান হবে না। আর কয়েকটি বোমা মেরে ও ঢিল ছুঁড়ে বর্তমান সরকারের উন্নয়নের গতি রোধ করা সম্ভব নয়। অন্যায়কে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না।’
 
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপনের পর দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
চলতি বছরের শুরুতে বিএনপি-জামায়াতের টানা ৯২ দিনের অবরোধ-হরতালে নাশকতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে সরকার উত্খাত করতে যারা ব্যর্থ হয়েছে, তারাই এখন পরিকল্পিতভাবে বিদেশিদের হত্যা এবং ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।’
 
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি আরো বলেন, ‘বিদেশি হত্যা ও তাজিয়া মিছিলে বোমা হামলার পেছনে কারা ছিল তা ধীরে ধীরে বেরিয়ে আসছে।’
 

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধের দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়াও আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন, ‘স্বার্থান্বেষী একটি মহল আমাদের উন্নয়ন কর্মকাণ্ড ও দেশের অগ্রগতি পছন্দ করে না। জনগণ যখন সুখে-শান্তিতে বসবাস করছে তখন তারা উন্নয়নের প্রয়াস নস্যাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশে কোনো অস্থিরতা সৃষ্টি করে তাঁর সরকারের নেয়া উন্নয়ন কর্মকাণ্ড স্থবির করে দেয়া যাবে না।’