'স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে'

 
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ন ও শান্তিপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের পর থেকেই স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই দেশি-বিদেশি চক্র এখনো বসে নেই। তারা এখনো নানা ভাবে দেশের ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
 
আইজিপি বুধবার বিকালে জেলা পুলিশের উদ্যোগে গাজীপুর পুলিশ লাইনস মাঠে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি বলেন আমরা গণমুখী পুলিশ বাহিনী তৈরী করতে চাই। পুলিশকে গণমুখী মানসিকতা অর্জন করতে হবে। জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দেব না। দেশকে পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়ার মতো জঙ্গী রাষ্ট্র করতে দেব না। দুই বিদেশি নাগরিকের হত্যার ব্যাপারে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে পরিকল্পিতভাবে একাত্তুরের পরাজিত শক্তিরা ষড়যন্ত্রের মাধ্যমে দুই বিদেশি নাগরিককে হত্যা করেছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ করবো যে এ হত্যাকাণ্ড ওই ষড়যন্ত্রেরই অংশ।
 
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম (বার)-এর সভাপতিত্বে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি একে আজাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামীলীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিল্পপতি তুহিন আব্দুল্লাহ, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
 
সমাবেশে কমিউনিটি পুলিশিংয়ে বিশেষ অবদানের জন্য মহানগর কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক সুলতান আহামেদ সরকারকে ক্রেষ্ট প্রদান করা হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগান নিয়ে দুপুরের পর স্বত:স্ফূর্তভাবে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক কমিউনিটি পুলিশিং-এর সদস্যরা মিছিল ও বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশে যোগ দেয়।
 
সন্ধ্যায় মনমুগ্ধকর আতশবাজী প্রদর্শন ও দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।