এবারে মিলাকে কামব্যাক করালেন তাপস

দীর্ঘ বিরতির পর আবারও ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন মিলা। একইসাথে দীর্ঘদিনের পড়তি ক্যারিয়ারে আবারও আলোর দিশারী যেন খুঁজে পেলেন পপ গানের এই সময়ের সবচেয়ে মেধাবী কণ্ঠশিল্পী মিলা।

 
মূলত নিজের খামখেয়ালী জীবনে টিভি প্রডিউসার, অডিও প্রডিসার থেকে শুরু করে অনেককেই ভুগিয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই পপডিভা মিলা। একইসাথে ড্রাগ এডিকশন থেকে শুরু করে ব্যক্তিগত নানা টানাপোড়েনেও তাকে ঘিরে ফেলেছিল। অবশেষে সেই অবসাদ থেকে একটু একটু করে মুক্ত করছেন গান বাংলা’র প্রধান নির্বাহী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপস। মাত্র ক’মাস আগেই তিনি ক্যারিয়ার পড়তি বালামকে ফিরিয়েছেন নতুনভাবে। এবারে কামব্যাক করালেন মিলাকে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ অংশ নিতে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া দলের থিম সং-এর মাধ্যমে কামব্যাক করলেন তিনি। আর এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত পপ গায়িকা মিলা।
 

‘তুমি কী সাড়া দেবে’, ‘ডিস্কো বান্দর’ কিংবা ‘রূপবান’-এর মতো গানগুলো মিলার গলায় তুলে দিয়েছিলেন ফুয়াদ। ফলে এ প্রজন্মের শ্রোতারা প্রায় হারিয়ে যাওয়া গানগুলো নতুন করে শুনতে পেয়েছিলেন। কিন্তু হঠাত্ করেই ফুয়াদ-মিলার মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়। তাই দীর্ঘদিন গান নিয়ে তাদের একসঙ্গে হতে শোনা যায়নি। চার বছর পর ‘আনসেন্সরড’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন মিলা। অন্যদিকে ফুয়াদও এই কয়েকটা বছর খুব একটা সফলতার মুখ দেখেননি। তাই তাপসের নেতৃত্বে ফুয়াদ-মিলা দু’জনার ক্যারিয়ার হয়তো নতুনভাবে সফলতার পথে হাঁটতে শুরু করবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে।